সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তি এবং তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নির্ধারিত নিয়মে আবেদন করলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তাঁর পরিবার এ সহায়তা পেতে পারেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
সহায়তার পরিমাণ
বিআরটিএর তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে—
- মৃত্যুর ক্ষেত্রে: কমপক্ষে ৫ লাখ টাকা।
- অঙ্গহানির ক্ষেত্রে: কমপক্ষে ৩ লাখ টাকা।
- গুরুতর আহত হলে: কমপক্ষে ৩ লাখ টাকা (স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে)।
- আহত হলে: কমপক্ষে ১ লাখ টাকা (স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে)।
আবেদনের নিয়ম ও সময়সীমা
দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর নির্ধারিত ফরম-৩২-এ আবেদন করতে হবে। চাইলে ঘরে বসেই বিএসপি (BSP) অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও আবেদন জমা দেওয়া যাবে।
বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিন পার হয়ে গেলে আবেদন করার সুযোগ থাকবে না।
বিআরটিএ জানিয়েছে, অনুমোদিত সহায়তার অর্থ আবেদনকারীর নিজস্ব ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে সরাসরি পাঠানো হবে।









