জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম (৪০)। স্থানীয়রা জানান, তারা দুজন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস রৌমারী যাওয়ার পথে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি ও এর হেলপার মহিনউদ্দিনকে আটক করেন। পরে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।

citytouch 728-X-90

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় বাস ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বউ-শাশুড়ির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।