নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। গোপন সূত্রে সংস্থাটি জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আবেদনে আরও বলা হয়, তিনি বিদেশে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে আবেদনটি করেন। আবেদনে মোতাছিম বিল্লাহর পাসপোর্ট নম্বর উল্লেখ করে অনুসন্ধান চলাকালে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।