চলমান অস্থিরতার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরুরি জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর—এই ১৮ দিনে মাত্র ৩১৭টি সদস্য কারখানারই উৎপাদন ক্ষতি দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার (এফওবি মূল্যমান)। শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অক্টোবর থেকে শুরু হওয়া অস্থিরতা নভেম্বরের শুরু থেকে ব্যাপক আকার ধারণ করে।

একই সময়ে ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিতকৃত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধাক্কা লেগেছে। জরিপ চলাকালে কারখানাগুলো সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়।

সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ ক্রয়াদেশ এখন ঝুঁকির মুখে। অর্ডার ধরে রাখতে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন উদ্যোক্তারা। বিজিএমইএ বলেছে, খাত ও দেশের ভাবমূর্তির ক্ষতির পূর্ণ চিত্র এখনো সামনে আসেনি।

বিজিএমইএ জানিয়েছে, জরিপের এই পরিসংখ্যান খাতটির প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। সংগঠনটির ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও বেশি হলেও স্বল্প সময়ের জরুরি জরিপে ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে। তা ছাড়া ১৮ নভেম্বরের পরও শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।