জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। গত ১৫ নভেম্বর জারি করা ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। এতে বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ।
নতুন কাঠামোয় সৈনিকের মূল বেতন ১৯টি ধাপে পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত উন্নীত হবে। ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৭২ হাজার টাকা হয়েছে।
নতুন বেতন কাঠামো একবারে শতভাগ কার্যকর হচ্ছে না। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়ন করা হয়েছে ৫০ শতাংশ। ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ নতুন মূল বেতন পাবেন। এ ছাড়া চারটি নতুন ভাতা সংযোজন করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে নতুন কাঠামো নিয়ে সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের দীর্ঘদিনের কিছু দাবি এখনো অমীমাংসিত রয়েছে। হরাইজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেল, শ্রেণিবৈষম্য এবং কাঠামোগত পার্থক্য নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সমাধান হয়নি। এসব অসামঞ্জস্যতা নিরসনে সশস্ত্র বাহিনী বেতন কমিটি সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল প্রবর্তনের সুপারিশ করেছে।









