ফ্যাসিবাদের উত্থান হলে সংসদে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘যদি ফ্যাসিবাদের উত্থান হয়, আমরা এই সংসদে থাকতে পারব না, এই দেশে কেউ বসবাস করতে পারব না।’

সংসদে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার সময়ই টুঙ্গিপাড়ায় হামলার খবর আসে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা টুঙ্গিপাড়া থানায় হামলা করেছে এবং বিএনপির সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে আগুন দিয়েছে। মন্ত্রী বলেন, ভিডিও ও ছবি দেখে প্রত্যেক নাশকতাকারীকে ধরা হবে।

সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করতে চায় না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরপরাধ লোকও যাতে গুলিতে মারা না যায়।’ আইনশৃঙ্খলা বাহিনী আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় বল প্রয়োগ করবে, তবে অতিরিক্ত বল প্রয়োগ করবে না বলে জানান তিনি।

শেখ হাসিনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি মাঝেমধ্যে ডিসেম্বর ডিসেম্বর বলছেন; সরকার চায় প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে ফেরত আনা হোক। ‘আসিব আসিব বলিয়া’ বনে-জঙ্গলে পালিয়ে থাকা নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।