পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণেই আজ আওয়ামী লীগ এতটা উগ্র হয়ে উঠেছে বলে দাবি করেছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) সংসদ সদস্য এসএম জিলানী। তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। রোববার (২২ নভেম্বর) এক অডিও বার্তায় এসব কথা জানান সংসদ সদস্য জিলানী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন জিলানী। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্দয়ভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে সাধারণ মানুষ কেউ হয়রানির শিকার হবেন না কিংবা মামলার আসামি হবেন না। ফুটেজ দেখে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারাই মামলার আসামি হবেন।

জিলানী জানান, তার বাড়িতে, চাচাতো ভাইদের বাড়িতে এবং তাদের বাড়ির প্রায় পাঁচটি বিল্ডিংয়ে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি টিনের ঘরগুলোও ভস্মীভূত হয়েছে। টুঙ্গিপাড়ার পাঁচটি ইউনিয়ন এবং তার নিজের গ্রামেই সবচেয়ে বেশি ধ্বংসলীলা চলেছে। তার হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বাড়ি, দোকান ও পার্টি অফিস মিলিয়ে মোট ৬৭টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে।

নিজের বাড়িতে ফেরার বিষয়ে তিনি জানান, এটি তার পৈতৃক বাড়ি এবং তাকে ফিরতেই হবে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে শিগগিরই সেখানে যাবেন বলেও জানান তিনি। তিনি দাবি করেন, গত নয় মাসে এলাকার মানুষের ভাগ্য ও এলাকার উন্নয়নে কী কাজ করেছেন, তা সাধারণ তৃণমূলের মানুষের কাছে জানতে চাইলে স্পষ্ট হবে। এলাকার মানুষ তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারলে তিনি রাজনীতি করবেন না বলেও জানান।