গাজীপুরের টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে চেয়ার-টেবিল ও মামলার নথিপত্রে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

vkghk

সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় মণ্ডল গ্রুপের একটি গার্মেন্টস কারখানায় শ্রমিকেরা ভাঙচুর চালায়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসে। দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা পুলিশ বক্সের ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেয়। মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষের কারণে দুপুর ১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়; প্রায় আধা ঘণ্টা পর তা স্বাভাবিক হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে আগুন দেওয়া হয়েছিল; আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর এলাকার অন্তত ৭০টি গার্মেন্টস কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।