খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রেস্তোরাঁয় খাবারের অর্ডার দেওয়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষের কথা-কাটাকাটি ও হাতাহাতির জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাবার দিতে দেরি হওয়ায় প্রথমে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেস্তোরাঁর ম্যানেজারকে লাঞ্ছিত করা হয় এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে ওই কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান। এতে আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ ক্রেতাদের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৩ নভেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খাবারের অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতি হয়। পরে শিক্ষার্থীরা সহপাঠীদের ডেকে এনে ভাঙচুর চালান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি।