বাঙালি বিয়ের অন্যতম পরিচিত রীতি বরযাত্রী আটকে ‘গেট ধরা’। কনেপক্ষের সদস্যরা গেট আটকে বর ও বরযাত্রীদের কাছে সালামি দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের হাস্যরস ও দরকষাকষিতে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। সম্প্রতি এমনই এক বিয়ের অনুষ্ঠানে ‘বিয়েবাড়িতে চাঁদাবাজি—চলবে না, চলবে না!’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিয়েবাড়ির সাজানো প্রবেশপথের সামনে একটি চেয়ারে বসে আছেন বর। অন্যদিকে, গেট আটকে দাঁড়িয়ে আছেন কনেপক্ষের শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা।

বরযাত্রীদের প্রবেশের অনুমতি নিয়ে যখন দুই পক্ষের মধ্যে দরকষাকষি চলছে, তখন রাজনৈতিক কর্মসূচির আদলে স্লোগান দিতে শুরু করেন উপস্থিত ব্যক্তিরা। তাঁদের স্লোগান ছিল, ‘বিয়েবাড়িতে চাঁদাবাজি—চলবে না, চলবে না!’ এ ছাড়া ‘আমাদের দাবি মানতে হবে মানতে হবে!’ বলেও স্লোগান দিতে শোনা যায়।

৫০ শতাংশ কমিশন চাইলেন হাসনাত

ভিডিওর আরেকটি অংশে বরপক্ষের হয়ে মধ্যস্থতা করতে দেখা যায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে। এ সময় কনেপক্ষের শিশুদের সঙ্গে রসিকতায় মেতে ওঠেন তিনি। বরপক্ষের হয়ে কথা বলার বিনিময়ে গেট থেকে আদায় করা অর্থের ৫০ শতাংশ কমিশন দাবি করেন তিনি।

তাঁর এমন মজার কথাবার্তায় উপস্থিত অতিথিদের মধ্যে হাসির পরিবেশ তৈরি হয়। শিশু-কিশোরদের সঙ্গে চলতে থাকে পাল্টাপাল্টি স্লোগান ও দরকষাকষি।

হাসি-আনন্দে শেষ হয় গেট ধরা

শেষ পর্যন্ত সালামি বিনিময় ও ফিতা কাটার মধ্য দিয়ে বরযাত্রীরা কনের বাড়িতে প্রবেশ করেন। এরপর দুই পক্ষের আত্মীয়স্বজন ও অতিথিদের শুভেচ্ছা ও অভ্যর্থনার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিয়ের ঐতিহ্যবাহী ‘গেট ধরা’ আয়োজনের সঙ্গে রাজনৈতিক ঢঙের স্লোগান এবং হাসনাত আবদুল্লাহর রসিকতার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।