সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও জনআস্থা অটুট রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি। দলীয় পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, গ্রেপ্তারের পর থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির কিংবা আইনি সহায়তা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এমনকি স্থায়ী বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বিএনপির হাইকমান্ডের একাধিক বিশ্বস্ত সূত্র জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতা মামলার আসামিদের রক্ষায় দলের কোনো নেতাকর্মী তদবির বা সহযোগিতা করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত অভিযুক্তদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিএনপির একটি বিশেষ টিমও পৃথকভাবে এ তালিকা তৈরির কাজ করছে। অভিযোগ যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে তা দলের হাইকমান্ডকে জানানো হবে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রগুলো জানায়, ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লেনদেন কিংবা আত্মীয়তার সম্পর্কের কারণে কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিলে তাকেও জবাবদিহির আওতায় আনা হবে। এ ক্ষেত্রে দলীয় পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব কোনো কিছুই বিবেচনায় নেওয়া হবে না। অভিযোগের গুরুত্ব ও সত্যতা অনুযায়ী স্থায়ী বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
দলীয় সূত্রের ভাষ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, গোপন বৈঠক ও অনলাইনে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। তবে কোথাও কোথাও বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে কিংবা আর্থিক লেনদেনের বিনিময়ে আওয়ামী লীগের পলাতক ও অভিযুক্ত নেতাকর্মীদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই দলীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধীদের সুরক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করা জরুরি। বিশেষ করে আওয়ামী লীগ আমলে হামলা, নির্যাতন ও নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের পর কোনো রাজনৈতিক নেতার তদবিরে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বকে বাধাগ্রস্ত করে। এ ধরনের প্রবণতা বন্ধ করা গেলে প্রশাসন রাজনৈতিক চাপমুক্তভাবে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা ও বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এরই মধ্যে দেশের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে প্রকাশিত শৃঙ্খলাজনিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১টি বহিষ্কারাদেশ জারি করা হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে মন্ত্রী ও সংসদ সদস্য পদেও পরিবর্তন এসেছে।
দলীয় হাইকমান্ডের একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি, শুধু বহিষ্কার করে দায় শেষ করতে চায় না বিএনপি। কারণ, বহিষ্কারের পরও অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারেন। তাই অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য দেওয়া এবং প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
বিএনপির নীতিনির্ধারকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে দলের ভেতরে থাকা সুবিধাবাদী ও অপরাধে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা সহজ হবে। পাশাপাশি দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধীদের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার সুযোগও কমবে। এতে সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি ও জনআস্থা অটুট রাখা সম্ভব হবে।









