দেশের চলমান অস্থিরতার মধ্যে আরেকটি ১/১১ পরিস্থিতি তৈরি হলে কেউই রক্ষা পাবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, বিরোধী দল যদি মনে করে এমন পরিস্থিতিতে শুধু সরকারি দলই বিপদে পড়বে, তাহলে তারা ভুল ভাবছে। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আপস করা উচিত নয়। তিনি বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আপস করা মানে শয়তানের সঙ্গে আপস করা; যারা আপস করবে, তাদের ঈমান থাকবে না।”
তিনি আরও বলেন, এখন আর ভালো ও খারাপ আওয়ামী লীগ আলাদা করে দেখার সুযোগ নেই। জাতীয়তাবাদী শক্তিসহ সবাইকে দলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁনের দাবি, প্রধানমন্ত্রী আগের দিন আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, “ডিসেম্বর আসবে, ডিসেম্বর যাবে; কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে না।”
কতিপয় সংসদ সদস্য আওয়ামী লীগের পক্ষে বক্তব্য ও ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন অভিযোগ করে তিনি বলেন, তাঁদের কাছে শেখ হাসিনা অর্থ পাঠাচ্ছেন বলে মনে হয়। ভারতও সংসদ সদস্যসহ বিভিন্ন মহলকে আওয়ামী লীগের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় জামায়াত ও এনসিপিকে শর্তহীনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।









