যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে নিজের ছেলেকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এক প্যারামেডিক মা। পরে হাসপাতালে নেওয়া হলেও ছেলেকে বাঁচানো যায়নি।
গত ১৬ নভেম্বর সন্ধ্যায় উটাহর সিগার্ড শহরে প্রতিবেশীর গাড়ি মেরামতে সহায়তা করছিলেন ২৮ বছর বয়সী লোগান মামফোর্ড। গাড়ির নিচে কাজ করার সময় সেটি হঠাৎ জ্যাক থেকে পড়ে তাঁর ওপর চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে যান লোগানের মা ট্রিশিয়া মামফোর্ড। তিনি সেভিয়ার কাউন্টির একজন প্যারামেডিক। তবে আহত ব্যক্তির পরিচয় জানার আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি, উদ্ধার করতে আসা ব্যক্তিটি তাঁর নিজের ছেলে।
পরে সহকর্মীদের সঙ্গে মিলে লোগানকে উদ্ধারে অংশ নেন ট্রিশিয়া। মাথায় গুরুতর আঘাত পাওয়া লোগানকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
লোগান দুই সন্তানের বাবা ছিলেন। তাঁর তিন বছর বয়সী একটি ছেলে ও এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
সেভিয়ার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, একজন প্যারামেডিক যত প্রশিক্ষিতই হোন না কেন, নিজের সন্তানের এমন দুর্ঘটনার মুখোমুখি হওয়ার জন্য কোনো মাকে প্রস্তুত করা সম্ভব নয়।
কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশীকে গাড়ি মেরামতে সহায়তা করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন লোগান। অন্যকে সাহায্য করার মানসিকতা তাঁর ছিল, জীবনের শেষ কাজেও তার প্রতিফলন ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।









