ভারতের মধ্যপ্রদেশে একাই দূষিত নদী পরিষ্কার করে আলোচনায় আসা পরিবেশকর্মী সুরেন্দ্র সিং চৌধুরী ওরফে ‘বিট্টু তাবাহি’ হাতে-পায়ে গুরুতর ত্বকের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে মধ্যপ্রদেশের বিয়াওরা এলাকার অজনার নদী থেকে প্লাস্টিক ও পচনশীল বর্জ্য অপসারণ করছিলেন তিনি। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়াই দীর্ঘ সময় দূষিত পানি ও আবর্জনার সংস্পর্শে থাকায় তাঁর হাতে-পায়ে তীব্র চুলকানি ও ব্যথার পাশাপাশি চর্মরোগ দেখা দেয়। একপর্যায়ে হাতের চামড়া খসে পড়তে শুরু করে।
গত ১৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে হাসপাতালের শয্যায় শুয়ে নিজের সংক্রমিত হাত দেখান বিট্টু। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, নদী পরিষ্কারের কাজে সাধারণ মানুষের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি। বারবার পরিষ্কার করার পরও মানুষ নদীতে আবর্জনা ফেলছে বলে অভিযোগ করেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি নদী দূষণ বন্ধে নাগরিক সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।









