কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের বাড়িতে মাত্র তিন মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করলেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। পেশায় দিনমজুর ইউনুস আলীর সম্পদ বলতে রয়েছে মাত্র আড়াই শতক ভিটেমাটি। সেখানেই পরিবারের ছয় সদস্যকে নিয়ে বসবাস করেন তিনি।

ইউনুস আলী জানান, তার বাড়িতে বিদ্যুতের ব্যবহার খুবই সীমিত। একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেন। অথচ মাত্র তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখিয়ে ৫০ হাজার ৩০ টাকার বিল করা হয়েছে। দিনমজুরি করে সংসার চালানো তার পক্ষে এই বিপুল পরিমাণ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব।

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিটের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের জন্য ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ভুক্তভোগীর অভিযোগ, অস্বাভাবিক বিল আসার পর একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সমস্যার কথা তুলে ধরলেও কোনো সমাধান পাননি। বরং দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। পরে বাধ্য হয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী, এমন প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, প্রতি মাসে তারা নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন। কোনো গ্রাহকের মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৫০ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতপক্ষে বিল ৫০ হাজার টাকা হয়ে থাকলে গ্রাহককে তা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধন করা হবে।

একজন হতদরিদ্র দিনমজুরের বাড়িতে সীমিত বিদ্যুৎ ব্যবহারের পরও তিন মাসে প্রায় ১ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ খরচের হিসাব কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীর দাবি, মিটারের প্রকৃত রিডিং ও বিল তৈরির প্রক্রিয়া যথাযথভাবে তদন্ত করে অস্বাভাবিক বিলের সমাধান করা হোক।