ভোলা জেলার আলিনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে জন্ম ও বেড়ে ওঠা প্রিন্স আইউবের ডিজিটাল জগতে যাত্রা শুরু হয়েছিল মায়ের কিনে দেওয়া প্রায় ১৩ হাজার টাকার একটি স্মার্টফোন দিয়ে। বর্তমানে তিনি ভোলা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শখের বশে ভিডিও তৈরি করতে গিয়ে একসময় পরিচিতি পান সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর দাবি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও থ্রেডস — এই পাঁচটি প্ল্যাটফর্মে তাঁর সম্মিলিত অনুসারীসংখ্যা প্রায় ৫০ লাখ।
শৈশবে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন আইউব। কিন্তু সময়ের সঙ্গে তাঁর আগ্রহের জায়গায় পরিবর্তন আসে। প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আকর্ষণ থেকেই ধীরে ধীরে অনলাইনভিত্তিক কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। ২০১৮ সালে পরিবারের এক ভাগ্নের কাছ থেকে প্রথম Likee ও TikTok সম্পর্কে জানতে পারেন। নতুন এই মাধ্যমগুলোতে ভিডিও তৈরির বিষয়টি তাঁকে আকৃষ্ট করে।
মায়ের কাছ থেকে প্রায় ১৩ হাজার টাকার স্মার্টফোন পেয়ে শুরু করেন ভিডিও তৈরি। শুরুতে বিষয়টি ছিল নিছক শখ। তবে দর্শকদের প্রতিক্রিয়া ও ভালোবাসা পাওয়ার পর কনটেন্ট তৈরির প্রতি আগ্রহ বাড়তে থাকে তাঁর। একপর্যায়ে TikTok-এ তাঁর অনুসারীসংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছায়। তবে অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাওয়ায় সেই পরিচিতি হারাতে হয়।
নিজের শুরুর অভিজ্ঞতা তুলে ধরে প্রিন্স আইউব বলেন, ‘২০১৮ সালে আমার কনটেন্ট তৈরির যাত্রা শুরু হয়। আমার ভাগ্নের কাছ থেকে প্রথম Likee সম্পর্কে জানতে পারি। এরপর নিজেও ভিডিও তৈরি শুরু করি। শুরুতে বিষয়টি শখের মতো ছিল, কিন্তু ধীরে ধীরে মানুষের ভালোবাসা পেতে শুরু করি। একপর্যায়ে TikTok-এ আমার প্রায় ১০ লাখ অনুসারী হয়। পরে সেই অ্যাকাউন্ট হারিয়ে যাওয়ার পর নতুন করে Facebook-সহ অন্যান্য প্ল্যাটফর্মে কাজ শুরু করি।’
পরবর্তী সময়ে ফেসবুক ও ইউটিউবকে কেন্দ্র করে নিজের কার্যক্রম বিস্তৃত করেন তিনি। ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে এসব প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরিতে মনোযোগী হন। কিন্তু পেশাগত জীবনের শুরুতেই ব্যক্তিগত জীবনে নেমে আসে বড় ধরনের বিপর্যয়। একই বছর বাবা মো. হযরত আলী মারা যান। তিনি ছিলেন একজন সাবেক সরকারি কর্মকর্তা। শোক ও মানসিক বিপর্যয়ের কারণে কিছু সময়ের জন্য কনটেন্ট তৈরির কাজ থেকেও দূরে সরে যান তিনি। তবে সময়ের সঙ্গে নিজেকে সামলে আবারও কাজে ফেরার চেষ্টা করেন।
তাঁর মা আয়শা বেগম। এক ভাই ও এক বোনের পরিবারে মায়ের অবদান আইউবের জীবনের গল্পে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে স্মার্টফোনটি দিয়ে তাঁর অনলাইন যাত্রা শুরু হয়েছিল, সেটি মায়েরই কিনে দেওয়া। শুরুর দিকে অনলাইন থেকে অর্থ উপার্জনের বিষয়টি তাঁর মা সহজে বিশ্বাস করতে পারেননি। তবে পরবর্তী সময়ে ছেলের কাজের ফলাফলই সেই ধারণা বদলে দেয়।
দীর্ঘদিনের প্রচেষ্টার পর ২০২১ সালে তাঁর ফেসবুক পেজে মনিটাইজেশন চালু হয়। আইউবের ভাষ্য অনুযায়ী, প্রথম মাসেই ফেসবুক থেকে প্রায় ৩০ হাজার টাকা আয় করেন তিনি। প্রথম উপার্জনের টাকা ব্যাংক হিসাবে জমা হওয়ার পর মাকে সঙ্গে নিয়ে ব্যাংকে যান। সেখানে নিজের চোখে ছেলের উপার্জিত অর্থ দেখে মায়ের সংশয় দূর হয়। আইউবের কাছে এটি ছিল তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ২০২১ সাল থেকে ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিংয়ের কাজেও যুক্ত হন তিনি। বিভিন্ন অনলাইনভিত্তিক কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে থাকেন। আয়ের বিষয়ে প্রিন্স আইউবের দাবি, কনটেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং — এই তিনটি ক্ষেত্র থেকে এখন পর্যন্ত তাঁর মোট উপার্জন এক কোটি টাকার বেশি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এক মাসে সর্বোচ্চ আয় ছিল প্রায় সাড়ে চার লাখ টাকা।
তবে উপার্জনের এই ধারাবাহিকতা সব সময় বজায় রাখা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে ফেসবুক পেজের মনিটাইজেশন বন্ধ হওয়া, পেজ সাসপেন্ড হওয়া এবং অ্যাকাউন্টসংক্রান্ত জটিলতার কারণে কাজ ব্যাহত হয়েছে। এসব সমস্যার কারণে কয়েক মাস নিয়মিত ভিডিও প্রকাশের ক্ষেত্রেও বিরতি তৈরি হয়। তবু ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের অবস্থান ধরে রাখা এবং নতুনভাবে কাজ শুরু করার চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।
ব্যক্তিগত কর্মজীবনকে আরও সংগঠিত ও বিস্তৃত করার লক্ষ্যে গড়ে তোলেন নিজের প্রতিষ্ঠান ‘Ayub Ltd.’। প্রতিষ্ঠানটির মাধ্যমে কনটেন্ট প্রযোজনা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছেন তিনি। ইসলামিক সচেতনতামূলক কনটেন্ট, সামাজিক বার্তা, বিনোদন এবং ফুড ভ্লগসহ বিভিন্ন ধরনের ভিডিও নির্মাণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
পেশাগত পরিচিতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও প্রিন্স আইউবের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনলাইন থেকে উপার্জিত অর্থের একটি উল্লেখযোগ্য অংশ দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় ব্যয় করার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পরিবারের অসচ্ছল সদস্যদের সহযোগিতা করার পাশাপাশি আর্থিক সংকটে থাকা পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ বহনেও সহায়তা করেছেন। এই উদ্যোগকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০২৩ সালের ১৫ এপ্রিল প্রতিষ্ঠা করেন ‘Prince Ayub Foundation’। মানবতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নকে মূল লক্ষ্য ধরে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়।
ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনের ভাবনা সম্পর্কে প্রিন্স আইউব বলেন, ‘আমি মনে করি, একজন মানুষের সফলতা শুধু তার নিজের জন্য নয়। নিজের সামর্থ্য অনুযায়ী যদি অন্য একজন মানুষের উপকার করা যায়, সেটাই বড় বিষয়। তাই আমি চাই আমার আয়ের একটি অংশ মানুষের কল্যাণে ব্যয় করতে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, কনটেন্ট ক্রিয়েশন ও ডিজিটাল মার্কেটিংয়ের কাজকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান। পাশাপাশি Ayub Ltd.-এর কার্যক্রম শক্তিশালী করা এবং Prince Ayub Foundation-এর মাধ্যমে শিক্ষা ও মানবিক সহায়তামূলক কাজের পরিধি বাড়ানোর ইচ্ছা রয়েছে তাঁর। একসময় মায়ের কিনে দেওয়া একটি স্মার্টফোন দিয়ে যে তরুণের পথচলা শুরু হয়েছিল, আজ সেই কাজই তাঁর পেশাগত পরিচয়ের অন্যতম ভিত্তি।









