বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। দুই দেশের পারস্পরিক উন্নয়ন, সমৃদ্ধি ও জনকল্যাণকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় এগোতে চায় দিল্লি।
বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সওয়াল।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ক্ষেত্রে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল তাদের সম্পর্কের মূল লক্ষ্য তুলে ধরেন।
জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলাই ভারতের লক্ষ্য। এ সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি, আর এর কেন্দ্রে থাকবে জনগণের কল্যাণ। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যৎ আলোচনাতেও ভারত এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানান তিনি।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টির সঙ্গে আইনগত প্রশ্ন জড়িত। এর আগে ভারত জানিয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ তারা পেয়েছে এবং বিষয়টি দেশটির প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে।










