বীমা দাবি পরিশোধে সন্তোষজনক অগ্রগতি না থাকায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন পলিসি ইস্যু ও প্রথম বর্ষের প্রিমিয়াম সংগ্রহ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৮ নভেম্বর আইডিআরএ'র রিপোর্ট, রিটার্ন ও অডিট শাখা থেকে জারি করা এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন শাখাটির পরিচালক দেবপ্রসাদ পাল। ২০ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
২০২৬ সালের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ২১২ কোটি ৯৮ লাখ টাকা। দাবি পরিশোধে সন্তোষজনক অগ্রগতি না থাকা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পালন না করায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আইডিআরএ বলেছে, আর্থিক অবস্থা শক্তিশালী করা, অনিষ্পন্ন দাবি পরিশোধ এবং নিয়ন্ত্রক নির্দেশনা পালনে সন্তোষজনক অগ্রগতি ছাড়া নতুন পলিসি ইস্যু চালু রাখলে কোম্পানির দায় ও আর্থিক চাপ আরও বাড়তে পারে।
আইডিআরএ'র চিঠিতে বলা হয়েছে, গত ৫ জুলাই কোম্পানিটির সঙ্গে একটি গভর্ন্যান্স রিভিউ সভা করে কর্তৃপক্ষ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে গ্রাহকদের বীমা দাবি পরিশোধের পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ব্যয় কমানোর বিষয়ে কোম্পানির কাছে কর্মপরিকল্পনা চাওয়া হয়। তবে কোম্পানির জমা দেওয়া কর্মপরিকল্পনায় সন্তুষ্ট হয়নি আইডিআরএ। কোম্পানির প্রস্তাবিত ও চলমান জমি বিক্রির কার্যক্রম এবং বীমা দাবি পরিশোধের অগ্রগতি তদারকির জন্য গত ৩ সেপ্টেম্বর নিরীক্ষা প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেয় আইডিআরএ। প্রতিষ্ঠানটি ৪ অক্টোবর কোম্পানির কাছে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি।
বীমা আইন, ২০১০-এর ধারা ৫০(১)(ঙ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এবং বিদ্যমান পলিসিগ্রাহকদের স্বার্থ রক্ষায় নতুন ব্যবসা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে আইডিআরএ। তবে বিদ্যমান পলিসির কার্যক্রম যথারীতি চালু রাখতে হবে। কোম্পানিটিকে দ্বিতীয় ও পরবর্তী বছরের নবায়ন প্রিমিয়াম সংগ্রহের পাশাপাশি পলিসির অধীনে সব দায়দায়িত্ব পালন এবং বীমা দাবি পরিশোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা যথাযথভাবে পালন না করলে বীমা আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।









