সরকারি ব্যবস্থাপনায় ব্রুনাই দারুসসালামে দক্ষ ও আধা-দক্ষ পুরুষ কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির ১৯টি প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ২২ নভেম্বর এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল। আগ্রহী প্রার্থীরা আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে। অধিকাংশ পদে দৈনিক ২০ থেকে ২৩ ব্রুনেই ডলার মজুরি পাবেন কর্মীরা। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৬৫০ ডলার। পদভেদে বয়সসীমা ২০ থেকে ৫০ বছর।

নিয়োগপ্রাপ্ত কর্মীদের শ্রম চুক্তি ২ বছরের (নবায়নযোগ্য) এবং দৈনিক ৮ ঘণ্টা ডিউটি। ওভারটাইম, মেডিক্যাল, বীমা ও ছুটিসহ অন্যান্য সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। বিমান ভাড়া ও আবাসনের ব্যয় নিয়োগকর্তা বহন করবে, তবে খাবারের ব্যয় কর্মীকে বহন করতে হবে। আবেদন করতে হবে বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে (www.oep.gov.bd/job-circulars)। আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ (অফেরতযোগ্য)।

স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিতদের মধ্যে দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে 'বোয়েসেল, ঢাকা' বরাবর এই পে-অর্ডার করে মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও দেশে মেডিক্যাল পরীক্ষার খরচও প্রার্থীকে বহন করতে হবে। বোয়েসেল জানিয়েছে, সংস্থাটি কোনো নগদ অর্থ নেয় না এবং দেশের কোথাও তাদের কোনো এজেন্ট বা শাখা নেই— তাই কারও সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।