দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন। নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে আসার ঘোষণা দিয়েছেন তাঁরা।
পদত্যাগকারীরা হলেন— পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা। তাঁরা জানিয়েছেন, ভবিষ্যতে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না তাঁরা।
পদত্যাগকারীদের দাবি, কারও চাপ বা প্ররোচনায় নয়, নিজেদের সিদ্ধান্তেই তাঁরা পদত্যাগ করেছেন। উপজেলা বিএনপির বর্তমান কমিটির কার্যক্রমে সন্তুষ্ট না হওয়ায় তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় টুঙ্গিপাড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১৮ নভেম্বর পাটগাতীতে উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকিরের বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে বিএনপির চার ও যুবদলের এক নেতা পদত্যাগের ঘোষণা দেন। আসলাম ফকির তখন বলেছিলেন, টুঙ্গিপাড়ায় চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সুস্থভাবে রাজনীতি করা সম্ভব হচ্ছে না। গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের পর থেকে এলাকায় এ পদত্যাগের ধারা চলছে।









