দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০০ শয্যাবিশিষ্ট এসব হাসপাতাল চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য রাজধানীতে ছুটে যাওয়ার প্রবণতাও কমবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতালগুলো অবস্থিত খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এতদিন হাসপাতালগুলো চালু করা সম্ভব হয়নি। তবে এবার কার্যক্রম শুরুর প্রস্তুতি অনেকটাই এগিয়েছে।

পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ রয়েছে। এছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের চিকিৎসক ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের জন্য ২০টি পদ রাখা হয়েছে। এদিকে হাসপাতালগুলোর কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হয়েছেন ডা. মো. বেলাল হোসেন, বরিশালে ডা. মো. মজিবর রহমান, রংপুরে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লায় ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনায় ডা. শওকত আলী। তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসা সুবিধা থাকবে। নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।