প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত মিলিয়ে ১৪টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে নতুন চারটি এবং সংশোধিত ১০টি প্রকল্প রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় প্রকল্প আলোচ্যসূচির শীর্ষে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি উদ্যোগ রয়েছে বিদ্যুৎ খাতে — ঢাকার আশপাশের এলাকা এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নে। প্রকল্প দুটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা। এর মাধ্যমে ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং হাজার হাজার কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আলোচ্যসূচিতে প্রথমেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি প্রকল্প — কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন। স্বাস্থ্যসেবা বিভাগের দুটি প্রকল্পও রয়েছে — আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ। এ ছাড়া স্থানীয় সরকার, সমাজকল্যাণ, সংস্কৃতি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সড়ক পরিবহন খাতের বিভিন্ন উন্নয়ন উদ্যোগও আলোচ্যসূচিতে রয়েছে।
এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হবে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত জানা যাবে।








