মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহির পথচলা শেষ হয়েছে প্রাথমিক পর্বেই। বিচারকদের মূল্যায়ন ও দর্শক ভোটের ভিত্তিতে নির্বাচিত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা হয়নি তার। ফলে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতার পরবর্তী পর্বগুলোতে আর দেখা যাবে না বাংলাদেশি এই প্রতিযোগীকে।
এবারের আসরে দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ ওঠার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে ছিলেন মাহি। তবে শেষ মুহূর্তে ভোটের লড়াইয়ে এগিয়ে যান ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। এবারের আসরে সেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেটো। ২০ বছর পর আবারও মিস ইউনিভার্সের মুকুট পেল পুয়ের্তো রিকো।
চূড়ান্ত পর্বে জায়গা না পেলেও এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন মাহি। ‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের এই পোশাকটির কেন্দ্রে ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা। উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়েছিলেন।









