চাঁদাবাজদের হুমকির পর সোমবার রাতে খুলনা নগরের মজিদ সরণি এলাকার পালংকি রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিকপক্ষ। মঙ্গলবার দুপুরে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়। তবে বেলা তিনটার দিকে গুলির ঘটনার পর আবারও সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমান জানিয়েছেন, নির্মাণকাজ শুরুর পর থেকেই হানাজালা পরিচয়ে এক ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি নগরের শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর 'বি কোম্পানি'র সদস্য। চাঁদার দাবিতে গত এক মাসে প্রায় ১৫ দিন রেস্টুরেন্টটি বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিক। সোমবার রাতে ওই বাহিনীর প্রধান পরিচয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট বন্ধ করে দিতে বলে এবং হত্যার হুমকি দেয়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্টটি খুলে দেয়। একই সঙ্গে কর্মীদের ফোন করে কর্মস্থলে আসতে অনুরোধ করা হয়। তবে বিকাল ৩টা ১১ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি রেস্টুরেন্টের সাইনবোর্ডে লাগে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

গুলির ঘটনার কিছুক্ষণ পর মুঠোফোনে ফোন করে বলা হয়, 'তোর দোকানে গুলি করেছি, এখন তোকে গুলি করব।' এতে মালিকসহ রেস্টুরেন্টের কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। একই দিন নগরীর সদর থানা এলাকায় মৎস্য ব্যবসায়ী নেতা সাঈদ শিকদারকে লক্ষ্য করে এবং লবণচরা থানা এলাকায় পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়; তবে এসব ঘটনায়ও কেউ হতাহত হননি।