গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর জানাজা শেষে দাফনের প্রস্তুতির সময় অসুস্থ হয়ে মারা গেছেন মা। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে মা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
মৃতরা হলেন বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকির (৫০) এবং তাঁর মা হাসিনা বেগম (৭২)। ইলিয়াস রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথাও ছিল তাঁর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে দলীয় প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ইলিয়াস। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শনিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে ইলিয়াসের মরদেহ পারিবারিক কবরস্থানে নেওয়া হচ্ছিল। এ সময় ছেলের মরদেহ বাড়ি থেকে বের করার পর অসুস্থ হয়ে পড়েন তাঁর মা হাসিনা বেগম। স্বজনরা তাঁকে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ইলিয়াসকে এবং বিকেলে হাসিনা বেগমকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।








