বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’—এই বার্তা নিয়ে রাজধানীর আফতাবনগরে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল। শনিবার (১৪ নভেম্বর) সকালে র্যালি, বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষা এবং সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ৬টায় আফতাবনগরে একটি সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। পরে এলাকার আড্ডার মোড়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স শনাক্তকরণে ব্যবহৃত HOMA-IR পরীক্ষায় বিশেষ ছাড়ের কুপন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে কথা বলেন।
কর্মসূচির ধারাবাহিকতায় জেকে লাইফস্টাইলের প্রধান কার্যালয়ে ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ডা. জাহাঙ্গীর কবির টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং রোগ নিয়ন্ত্রণে জীবনযাপনের পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে তিনি বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অপর্যাপ্ত ঘুম এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। এ ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি রোজা বা অটোফেজির বিষয়টিও আলোচনায় তুলে ধরেন।
এদিকে, ক্যাম্পেইনের অংশ হিসেবে অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট, ভিডিও ও তথ্য প্রচার করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।
জেকে লাইফস্টাইলের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজনীয় পরিবর্তন আনলে টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিস নিয়ে প্রচলিত ধারণা দূর করার পাশাপাশি রোগটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।








