অস্বাভাবিক এক ঘটনায় এক জেলের পায়ুপথ দিয়ে ঢুকে বৃহদান্ত্র ফুটো করে পেটের ভেতরে চলে যায় একটি জীবন্ত বাইম মাছ। পরে অস্ত্রোপচার করে প্রায় ৬০ সেন্টিমিটার লম্বা মাছটি জীবিত অবস্থায় বের করে আনেন চিকিৎসকেরা। ঘটনাটি নিয়ে একটি চিকিৎসা প্রতিবেদন প্রকাশিত হয়েছে International Journal of Surgery Case Reports-এ।

প্রতিবেদন অনুযায়ী, ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে যাওয়ার প্রায় পাঁচ ঘণ্টা আগে তাঁর প্রচণ্ড পেটব্যথা শুরু হয়। শারীরিক পরীক্ষায় রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও হৃদস্পন্দন ছিল মিনিটে প্রায় ১১০ বার।

চিকিৎসকদের জিজ্ঞাসাবাদে তিনি জানান, আগের দিন মাছ ধরার সময় দুর্ঘটনাবশত একটি বাইম মাছ লুঙ্গির নিচের খোলা অংশ দিয়ে ঢুকে পায়ুপথের মাধ্যমে শরীরের ভেতরে চলে যায়। মাছটি নিজে থেকেই বের হয়ে আসবে বলে তিনি প্রথমে অপেক্ষা করেছিলেন।

citytouch 728-X-90

পরে পরীক্ষায় তাঁর পেট শক্ত ও স্পর্শকাতর পাওয়া যায়। এক্স-রেতে পেটের ডান দিকে মাছের আকৃতির একটি ছায়া দেখা যায়। চিকিৎসকদের ধারণা হয়, মাছটি অন্ত্রের দেয়াল ফুটো করে পেটের ভেতরে চলে গেছে। অন্ত্র ফুটো হলে দ্রুত চিকিৎসা না করা হলে গুরুতর সংক্রমণের ঝুঁকি থাকায় জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের সময় সিগময়েড কোলনে ছিদ্র পাওয়া যায়। সেখান দিয়ে পেরিটোনিয়াল গহ্বরে প্রবেশ করা মাছটি বের করে আনেন চিকিৎসকেরা। প্রতিবেদন অনুযায়ী, পেটের ভেতরের তরলের কারণে মাছটি কিছু সময় জীবিত থাকতে পারে বলে চিকিৎসকদের ধারণা। তবে এতক্ষণ মাছটি কীভাবে জীবিত ছিল, তার নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেননি তারা।

চিকিৎসকদের মতে, অন্ত্রের দেয়াল ভেদ করে জীবন্ত মাছের পেটের ভেতরে প্রবেশের ঘটনা অত্যন্ত বিরল।