দেশের স্বাস্থ্যসেবা খাত শক্তিশালী করতে প্রায় ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটি ও অসংগতি থাকায় শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্য একত্র করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।

আরও ১৫০ পদে নিয়োগের প্রস্তুতি

হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানান অধ্যাপক রুমি।

জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজও চলমান রয়েছে। কিছু এলাকায় নিয়োগপ্রক্রিয়া শেষ হয়েছে, আবার কোথাও তা চলছে। কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় প্রক্রিয়া চূড়ান্ত করতে সময় লাগছে।

নিয়োগে বিশেষ কমিটি

স্বচ্ছতা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিক্যাল পদে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটি পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং পিএসসির মানদণ্ড অনুসরণের কথা জানিয়েছেন অধ্যাপক রুমি।

তিনি আরও জানান, লিখিত পরীক্ষা নিয়োগ কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

অধ্যাপক রুমির ভাষ্য, বিসিএস ক্যাডারের মেডিক্যাল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়। পাশাপাশি ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিক্যাল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয়।