বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে মন্তব্য করতে চায় না নয়াদিল্লি।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের ইতিবাচক ও গঠনমূলক অবস্থান বজায় রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।