মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরির অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলার গ্রীন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় আনসার ব্যাটালিয়নের তিন সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানে জব্দ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী তৈরি করে। উৎপাদন কার্যক্রম পরিদর্শনের সময় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়া যায়। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে। অভিযানকালে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ উপকরণ জব্দ করা হয়। সেগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দিয়ে পণ্য তৈরি করা ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করার শামিল। জব্দ করা কাঁচামাল ও রাসায়নিক ধ্বংস করা হবে। ভবিষ্যতে এ ধরনের উপকরণ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।