খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তাঁর অভিযোগ, নগরীতে কয়েকটি সন্ত্রাসী গ্রুপের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ভয়ে চাঁদাবাজির বিষয়ে কেউ মুখ খুলছেন না।

শুক্রবার (১৩ নভেম্বর) বিএনপি নেতা জাকির হোসেনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। মঞ্জুর দাবি, খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। তাঁর ভাষ্য, পাঁচ-ছয়টি গ্রুপ লাখ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। প্রতিবাদ করলে হত্যার শিকার হওয়ার আশঙ্কায় ভুক্তভোগীরা নীরব থাকছেন।

মঞ্জু বলেন, খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বন্ধে অবিলম্বে যৌথ বাহিনীর অভিযান চালানো প্রয়োজন। প্রয়োজনে কারফিউ জারির কথাও বলেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন কেসিসি প্রশাসক।

তিনি আরও দাবি করেন, এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ থেকে ১০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। তবে এসব হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

ক্রসফায়ার প্রসঙ্গে মঞ্জু বলেন, এটি অমানবিক এবং সরকার তা বন্ধ করেছে। তবে খুলনার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এর আগে ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে খুলনার স্বল্প বাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হন বিএনপি নেতা জাকির হোসেন। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাকির ওই গ্রামের জলিল শেখের ছেলে।