কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা হয়েছে। জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগে এ মামলা করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন ভুক্তভোগী ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। এতে আব্দুল হালিম টমকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
জমি নিয়ে বিরোধের অভিযোগ
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কেনেন ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন তিনি।
ইদ্রিসের অভিযোগ, ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময় লোকজন নিয়ে তাঁকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন।
বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ
এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আব্দুল হালিম টমসহ ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে প্রবেশ করেন। পরে তাঁর নির্দেশে অন্যরা বাড়িঘর ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে বসতঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভেঙে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে (৫৫) মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁরা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।
এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বাদী।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, যাওয়ার সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে তাঁদের দেখতে পেলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন।








