মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়নের কথা জানানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এ তথ্য জানান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
আহমদ জাহিদ হামিদি বলেন, তুরস্ক সরকার ১০ হাজার রোহিঙ্গাকে গ্রহণে সম্মতি দিয়েছে। দীর্ঘদিনের শরণার্থী সংকটের স্থায়ী সমাধানের পথে এগোতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
পুনর্বাসন কার্যক্রমে তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো অংশ নেবে। শরণার্থী নির্বাচন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, প্রয়োজনীয় নথিপত্র তৈরি ও পুনর্বাসনের বিষয়গুলো সমন্বয় করা হবে। তবে পুনর্বাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শরণার্থীদের সম্মতি নেওয়া হবে বলেও জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষে মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাঁদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা।









