ব্রাজিলের জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন। প্রতিনিধিত্ব করেছেন ইউরোপের নামী ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে খেলছেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার কাতেলেন সুজা। তবে এবার ফুটবল নয়, ইসলাম গ্রহণ ও মক্কায় ওমরাহ পালনের কারণে আলোচনায় এসেছেন এই ডিফেন্ডার।

ইসলাম গ্রহণের পর চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানান কাতেলেন। এরপর মক্কায় গিয়ে পবিত্র মসজিদুল হারামে ওমরাহ পালন করেন। গত ১৯ নভেম্বরও তিনি মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন।

ফুটবলে যেভাবে শুরু

১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম কাতেলেন সুজা ফেইতোজার। ছোটবেলায় খেলেছেন সান্তোসের বয়সভিত্তিক দলে। তবে ব্রাজিলে নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ না থাকায় ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

সেখানে মনরো কলেজ, ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল চালিয়ে যান। পরে ফ্রান্সের বোর্দো ক্লাব দিয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন। এরপর খেলেছেন ইতালির ইন্টার মিলান ও স্পেনের রিয়াল মাদ্রিদে।

২০২৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের আল নাসরে যোগ দেন তিনি। চলতি বছরের জুলাইয়ে ক্লাব ছেড়ে আল হিলালে নাম লেখান এই ডিফেন্ডার।

ব্রাজিল জাতীয় দলের হয়েও তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে। ২০১৮ সালে জাতীয় দলে অভিষেকের পর খেলেছেন ৩১টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১৯ ও ২০২৩ সালের নারী বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালে কোপা আমেরিকা জয়ী দলেরও সদস্য ছিলেন।

যেভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হন

ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় যাত্রার কথা জানিয়েছেন কাতেলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি ক্যাথলিক পরিবারে বেড়ে উঠেছেন। ছোটবেলায় নিয়মিত গির্জায় যেতেন এবং সেখানকার বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।

তবে রিয়াল মাদ্রিদে থাকার শেষ বছরে ধর্মীয়ভাবে অনিশ্চয়তার মধ্যে পড়েন বলে জানান তিনি। তখন বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা ও আলোচনা করতেন।

সৌদি আরবে যাওয়ার পর মুসলিম সতীর্থদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা শুরু হয় তাঁর। কাতেলেন জানান, সতীর্থরা কখনো তাঁকে কোনো ধর্ম গ্রহণে চাপ দেননি। সৌদি আরবে প্রথম রমজানে মুসলিম না হয়েও রোজা রাখেন তিনি। অভিজ্ঞতাটি তাঁর ভালো লাগে। এরপর কুরআন পড়া ও মুসলিম সতীর্থদের সঙ্গে আলোচনা আরও বাড়ান।

বড়দিনের ছুটিতে পরিবারের কাছে গিয়ে বাবার সঙ্গেও ধর্ম নিয়ে কথা বলেন। কাতেলেনের ভাষ্য অনুযায়ী, তাঁর বাবা পরিবর্তন লক্ষ্য করে তাঁকে আধ্যাত্মিকভাবে আরও পরিণত ও প্রাণবন্ত বলে মন্তব্য করেন। সৌদি আরবে ফিরে নিজের বিশ্বাস সম্পর্কে আরও দৃঢ় হন তিনি।

এরপর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন কাতেলেন। ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মুসলিম হওয়ার ঘোষণা দিলে আল নাসর নারী দলের সতীর্থরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

মক্কায় ওমরাহ পালন

ইসলাম গ্রহণের পর মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন কাতেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তনের চেষ্টা এবং জীবনের উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা।’

গত ১৯ নভেম্বর আবারও মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন ব্রাজিলের এই ফুটবলার। ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি ধর্মীয় জীবনের নতুন অধ্যায়ও এগিয়ে নিচ্ছেন তিনি।