পবিত্র কাবা শরিফের দরজার ডান পাশে সাদা মার্বেলের ভিত্তির ওপর সারিবদ্ধভাবে বসানো রয়েছে আটটি হলুদাভ বাদামি রঙের প্রাচীন পাথর। তাওয়াফের সময় অনেকের চোখে পড়লেও এসব পাথরের পেছনে রয়েছে আট শতাধিক বছরের ইতিহাস। ইসলামের প্রাথমিক যুগের নামাজের ইতিহাস, একটি ঐতিহাসিক স্থান এবং চুরি হয়ে যাওয়ার ঘটনাও জড়িয়ে আছে এগুলোর সঙ্গে।

আরবিতে পাথরগুলোকে বলা হয় ‘মারমার’। এগুলো অ্যালাবাস্টার বা বিশেষ ধরনের মার্বেল পাথর হিসেবে পরিচিত। সবচেয়ে বড় পাথরটির দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার এবং প্রস্থ ২১ সেন্টিমিটার। সৌদি আরবের হারামাইনবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাথরগুলোর বয়স ৮০০ বছরের বেশি।

জিবরাইল (আ.)-এর ইমামতির স্মৃতিবিজড়িত স্থান

পাথরগুলোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে কাবার দেয়ালঘেঁষা একটি প্রাচীন খাঁজ, যার নাম ছিল ‘আল-মাজান’। একসময় তাওয়াফের মেঝের চেয়ে নিচু এই খাঁজটি প্রায় দুই মিটার লম্বা, ১১২ সেন্টিমিটার চওড়া ও ২৮ সেন্টিমিটার গভীর ছিল বলে মক্কার ইতিহাস গবেষক মানসুর আদ-দাআজানি উল্লেখ করেছেন।

ওসমানিয়া ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশার ‘মিরআতুল হারামাইন’ গ্রন্থে প্রচলিত একটি ধারণার কথা বলা হয়েছে। এতে বলা হয়, হজরত ইবরাহিম (আ.) কাবা নির্মাণের সময় পাথর সাজাতে ওই স্থানে কাদা মেখেছিলেন। তবে ইসলামপূর্ব কোনো বিবরণে খাঁজটির উল্লেখ পাওয়া যায় না।

স্থানটি বিশেষভাবে পরিচিতি পায় ফেরেশতা জিবরাইল (আ.)-এর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নামাজের সময় নির্ধারণ করে দেওয়ার ঘটনা ঘিরে। সুনানে আবু দাউদের ৩৯৩ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, জিবরাইল (আ.) দুই দিন মহানবী (সা.)-কে নামাজে ইমামতি করেন। প্রথম দিন ওয়াক্তের শুরুতে এবং দ্বিতীয় দিন ওয়াক্তের শেষ দিকে নামাজ আদায় করেন। এরপর তিনি জানান, এই দুই সময়ের মাঝখানেই নামাজের ওয়াক্ত।

হাদিসে স্থানটির নাম সরাসরি উল্লেখ নেই। তবে পরবর্তী সময়ের ঐতিহাসিকেরা কাবার পাশের ওই খাঁজকেই ঘটনার স্থান হিসেবে চিহ্নিত করেছেন। সপ্তম হিজরি শতকের আলেম ও বিচারক ইজ্জ ইবনে আবদুস সালামের বক্তব্যেও ‘মাজান’ নামের স্থানটির উল্লেখ পাওয়া যায়।

খলিফার উপহার হিসেবে স্থাপন

ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী, ৬৩১ হিজরি বা ১২৩৩-৩৪ খ্রিষ্টাব্দে মাতাফ বা তাওয়াফের চত্বর সংস্কারের সময় আটটি পাথর কাবা শরিফে উপহার দেওয়া হয়। গবেষকদের বর্ণনায় এগুলো আব্বাসি খলিফা আল-মুস্তানসির বিল্লাহর উপহার বলে উল্লেখ করা হয়েছে।

খলিফার নাম নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। তাঁকে আবু জাফর আল-মানসুর বলা হলেও তিনি আব্বাসি সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা আবু জাফর আল-মানসুর নন। তিনি ছিলেন খলিফা আল-মুস্তানসির বিল্লাহ, যিনি ৬২৩ থেকে ৬৪০ হিজরি পর্যন্ত শাসন করেন। তাঁর উপনাম ছিল আবু জাফর এবং উপাধি আল-মানসুর।

পাথরগুলোর নিচে থাকা একটি নীল পাথরে খোদাই করা সাল থেকেও এগুলো স্থাপনের সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যায়।

চুরি হওয়ার পর ১৬৪ বছর নিখোঁজ

পাথরগুলোর ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা ঘটে ১২১৩ হিজরি বা ১৭৯৮-৯৯ খ্রিষ্টাব্দে। সে সময় এগুলো চুরি হয়ে যায়। ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তাঁর ‘মিরআতুল হারামাইন’ গ্রন্থে এ ঘটনার উল্লেখ করেছেন। তবে কারা বা কীভাবে পাথরগুলো সরিয়ে নিয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় না।

দীর্ঘ ১৬৪ বছর নিখোঁজ থাকার পর এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া জিনিসপত্রের মধ্যে পাথরগুলো পাওয়া যায়। দীর্ঘ আইনি ও ঐতিহাসিক প্রক্রিয়া শেষে ১৩৭৭ হিজরি বা ১৯৫৭-৫৮ খ্রিষ্টাব্দে সেগুলো আবার কাবা শরিফে ফিরিয়ে আনা হয়।

পুরোনো খাঁজ ভরাট করে পাথর স্থানান্তর

১৯৫৭-৫৮ সালে মসজিদুল হারামের সম্প্রসারণকাজ শুরু হলে পুরোনো খাঁজটি নিয়ে সমস্যা দেখা দেয়। সেখানে নামাজ পড়তে মুসল্লিদের ভিড় হতো। এতে তাওয়াফকারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হতো।

বিশেষ করে হজের মৌসুমে ভিড়ের মধ্যে কেউ কেউ ওই খাঁজে পড়ে যেতেন। এ পরিস্থিতিতে খাঁজটি ভরাট করে আটটি পাথর তুলে কাবার দেয়ালের নিচের সাদা মার্বেলের ভিত্তি ‘শাজারাওয়ান’-এর ওপর বসানো হয়। ভরাট করা খাঁজের অবস্থান চিহ্নিত করতেই পাথরগুলো সেখানে স্থাপন করা হয়েছিল বলে ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে।

পরে ১৪১৭ হিজরি বা ১৯৯৬-৯৭ খ্রিষ্টাব্দে কাবা শরিফের সংস্কারের সময় শাজারাওয়ানের পুরোনো মার্বেল পরিবর্তন করা হয়। তখনও আটটি প্রাচীন পাথর সংরক্ষণ করে আগের অবস্থানের কাছাকাছি পুনরায় স্থাপন করা হয়।

ইতিহাসের নীরব সাক্ষী

বর্তমানে কাবা শরিফের দরজার ডান পাশে থাকা আটটি পাথর কেবল প্রাচীন স্থাপত্যের নিদর্শন নয়। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে কাবার ইতিহাস, নামাজের সময় নির্ধারণসংক্রান্ত হাদিস এবং মসজিদুল হারামের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য। তাওয়াফের সময় অসংখ্য মানুষের পদচারণার পাশে নীরবে থাকা পাথরগুলো অতীতের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের স্মারক।

এক নজরে আট পাথরের ইতিহাস

  • ৬৩১ হিজরি (১২৩৩-৩৪ খ্রিষ্টাব্দ): মাতাফ সংস্কারের সময় পাথরগুলো উপহার হিসেবে দেওয়া ও স্থাপন।
  • ১২১৩ হিজরি (১৭৯৮-৯৯ খ্রিষ্টাব্দ): পাথরগুলো চুরি হয়ে যায়।
  • ১৩৭৭ হিজরি (১৯৫৭-৫৮ খ্রিষ্টাব্দ): ১৬৪ বছর পর পাথর উদ্ধার ও কাবা শরিফে ফিরিয়ে আনা হয়; পুরোনো খাঁজ ভরাট করে শাজারাওয়ানে স্থাপন।
  • ১৪১৭ হিজরি (১৯৯৬-৯৭ খ্রিষ্টাব্দ): কাবা শরিফের সংস্কারের সময় পাথরগুলো সংরক্ষণ ও পুনঃস্থাপন।