ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা জানিয়েছে বিবিসি। বেলারুশের সাইবার পার্টিজানস বিওয়াই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠীর সাইবার হামলায় এসব তথ্য ফাঁস হয়। বিবিসি ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর রেকর্ড হাতে পেয়েছে।

স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে বিবিসি ফাঁস হওয়া তথ্যের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত সূত্রে সংগ্রহ করা রুশ সেনাদের মৃত্যুর তালিকা মিলিয়ে দেখেছে। এতে দুই তালিকার ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে। বিশ্লেষণে বিস্ফোরণ বা যুদ্ধের সময় ছররা ও বোমার আঘাতের মতো সামরিক সংশ্লিষ্ট কারণে মৃত্যুর ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি রেকর্ড শনাক্ত করা হয়। এছাড়া কর্মসংস্থানের তথ্য থেকে আরও ১৪ হাজার ৯৩টি এবং আদালতের রায়ে মৃত ঘোষিত ৫১ হাজার ৬৭টি নথি শনাক্ত করা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে সামরিক প্রাণহানির কোনো হিসাব প্রকাশ করেনি। দুই বছর আগে রসস্ট্যাটও বাহ্যিক কারণে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। রসস্ট্যাট সাইবার হামলার কথা স্বীকার করলেও সুরক্ষিত কোনো তথ্য ফাঁস হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তবে বিবিসি ও মিডিয়াজোনার নিজস্ব তালিকায় সরকারি প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যম, নতুন স্মৃতিসৌধ ও কবরের তথ্য যাচাই করে ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সব মৃত্যুর খবর প্রকাশ্যে আসে না বলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, নিখোঁজ সেনাদের হিসাব ধরলে প্রকৃত মৃত্যু আরও অনেক বেশি— বিবিসির বিশ্লেষণে ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজার, আর মিডিয়াজোনা ও মেডুজার মডেলিং অনুযায়ী তা ৭ লাখ ছাড়িয়ে যেতে পারে। রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত বিদেশির সংখ্যাও অন্তত ৫ হাজার ১৭ জন; এর মধ্যে ১ হাজার ৩১ জন উজবেক এবং ৭২০ জন তাজিক নাগরিক। এছাড়া স্যাটেলাইট চিত্র ও পিয়ংইয়ংয়ে নির্মিত নতুন স্মৃতিসৌধের সরকারি ছবি বিশ্লেষণ করে বিবিসি ২ হাজার ৩০৪ জন নিহত উত্তর কোরীয় সেনাকে শনাক্ত করেছে।