অস্ট্রেলিয়া সরকার ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দক্ষ অভিবাসন রাউন্ডে সাবক্লাস ১৮৯ ভিসায় ২০ হাজার আবেদনকারীকে আমন্ত্রণ জানিয়েছে। গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত এই রাউন্ডে আমন্ত্রণ পাওয়া প্রার্থীরা স্পনসর ছাড়াই স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। আমন্ত্রণ পাওয়ার পর আবেদনের জন্য সময় থাকে ৬০ দিন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোনো রাউন্ড না হওয়ার পর এটিই ছিল চলতি অর্থবছরের প্রথম রাউন্ড।

সাবক্লাস ১৮৯ হলো পয়েন্টভিত্তিক দক্ষ স্বতন্ত্র ভিসা— এতে কোনো নিয়োগকর্তা বা রাজ্যের স্পনসরশিপ লাগে না। এ রাউন্ডে ১৫৯টি পেশায় আমন্ত্রণ দেওয়া হয়েছে। পেশাভেদে সর্বনিম্ন পয়েন্ট ৬৫ থেকে ১০০ পর্যন্ত; নির্মাণ ও বৈদ্যুতিক খাতের ৪৪টি পেশায় সর্বনিম্ন ৬৫ পয়েন্টে আমন্ত্রণ মিলেছে। চিকিৎসক, নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষক ও কৃষি বিজ্ঞানীদের মতো পেশায় চাহিদা সবচেয়ে বেশি।

২০২৬–২৭ অর্থবছরে সাবক্লাস ১৮৯ ভিসার জন্য মোট ২১ হাজার ৯০টি স্থান বরাদ্দ রয়েছে, যা আগের অর্থবছরের ১৬ হাজার ৯০০ থেকে বেশি। দক্ষ অভিবাসন কর্মসূচিতে মোট স্থান ১ লাখ ৩২ হাজার ২৪০টি। বাংলাদেশি প্রার্থীরাও আবেদন করতে পারবেন— যদি তাঁদের পেশা দক্ষ পেশার তালিকায় থাকে এবং প্রয়োজনীয় পয়েন্ট অর্জন করতে পারেন। আবেদন করতে হয় স্কিলসিলেক্টের মাধ্যমে আগ্রহ প্রকাশ (ইওআই) জমা দিয়ে।

তবে অস্ট্রেলিয়ার সামগ্রিক অভিবাসন নীতি এখন কঠোর হচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, নিট অভিবাসন ২০২৬–২৭ অর্থবছরে ২ লাখ ৪৫ হাজারে এবং পরের বছর ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশকে গত ৮ জানুয়ারি সর্বোচ্চ যাচাইয়ের স্তর এভিডেন্স লেভেল ৩-এ নেওয়া হয়েছে; গত ফেব্রুয়ারিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অর্ধেকের বেশি আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল। তাই দক্ষতার প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবেদন করা ঝুঁকিপূর্ণ।