শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। দেশটির প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করা ৪ হাজার ২৯ জনের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে তাঁদের নির্বাচন করা হয়। তবে এই ৩০০ জনের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন নাহার।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব ধাপ শেষে ১১২ জনের চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে।