আমানত সংগ্রহের নামে আপ্যায়ন ব্যয় দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে বিধিবহির্ভূতভাবে নগদ ৪ কোটি টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর ব্যাংকটির দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মো. হামিদুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে দেখা গেছে, গাজীপুর সিটি করপোরেশন থেকে মাত্র আড়াই শতাংশ সুদে এক বছরের জন্য ১০০ কোটি টাকা আমানত সংগ্রহের বিপরীতে আপ্যায়ন বাবদ ৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে। অভিযোগ রয়েছে, এ অর্থ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিদের ঘুষ দিতে ব্যবহার করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হকও এক অভ্যন্তরীণ প্রতিবেদনে আমানত সংগ্রহে আপ্যায়ন বাবদ ৪ কোটি টাকা ব্যয়ের কথা স্বীকার করেছেন। অভ্যন্তরীণ নথি অনুযায়ী, প্রধান কার্যালয়ের একটি জেনারেল লেজার হিসাব ডেবিট করে ১৩ কর্মকর্তার ব্যক্তিগত হিসাবে বিভিন্ন অঙ্কের অর্থ জমা দেওয়া হয়; পরে তাঁদের কাছ থেকে আগাম স্বাক্ষর নেওয়া চেকের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করা হয়।

গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খানের সঙ্গে কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আব্দুল হামিদের বৈঠক হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ও পরামর্শ বাস্তবায়নের আলোচনা হয়। পরদিন ১২ নভেম্বর পরিচালনা পর্ষদের সভায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে চেয়ারম্যান জানান, নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া দুই কর্মকর্তাকে অনিয়মের মাধ্যমে উত্তোলিত অর্থের সমপরিমাণ টাকা ব্যাংকে পুনরায় জমা দিতে বলা হয়েছে। তবে ওই অর্থ ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। এ ঘটনায় দেলোয়ার হোসেনের অতীত কর্মকাণ্ডও আলোচনায় এসেছে কমার্স ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি এনআরবিসি ব্যাংকে কর্মরত ছিলেন, সেখানে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ৭৪ কোটি টাকা আত্মসাৎ ও ৭ লাখ মার্কিন ডলারের রপ্তানি অর্থ প্রত্যাবাসন না করার অভিযোগে দুদকে মামলা চলমান রয়েছে।