মন্ত্রী ও আমলারা নিজেদের সন্তানদের দেশে পড়াতে ভরসা পান না শিক্ষা খাত নিয়ে এভাবেই প্রশ্ন তুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরামের এক আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষা একটা প্রোডাক্ট, অথচ এই প্রোডাক্ট যারা তৈরি করেন, যারা এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, যারা এর গুণগত মান উন্নয়নের দায়িত্বে আছেন— তারা সরকারি কর্মকর্তা বলেন, মন্ত্রীরা বলেন, কেউ এই প্রোডাক্ট বাংলাদেশে ব্যবহার করেন না।

তাঁর যুক্তি, শিক্ষাসেবা ভালো হলে মন্ত্রী-আমলারা তাঁদের সন্তানদের এটা আগে ব্যবহার করতে দিতেন। অথচ বাস্তবতা হলো, যাঁরা ক্ষমতায় আছেন তাঁরা নিজের সন্তানদের বিদেশে পড়াশোনা করান, আর সাধারণ মানুষের সন্তানদের দেশের শিক্ষাব্যবস্থাতেই পড়তে হয়। এই দ্বৈত ব্যবস্থায় যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের দেশের শিক্ষার মান নিয়ে মাথাব্যথা নেই, কারণ তাঁরা এর ওপর নির্ভরশীল নন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষ ভোট দেন, অথচ তাঁদের সন্তানদের স্থানীয় শিক্ষাব্যবস্থা ব্যবহার করতে হয়। আর নেতা ও ধনীদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে। এটাকে তিনি এক ধরনের প্রতারণা বলে আখ্যা দেন। তাঁর মতে, মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদেরও যদি নিজের সন্তানদের দেশের ভেতরেই পড়াতে হতো, তাহলে শিক্ষার মান সত্যিকার অর্থে উন্নত হতো।

শিক্ষকদের সামাজিক ও আর্থিক মর্যাদা নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা বলেন, মাধ্যমিক শিক্ষা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন সব পর্যায়ের শিক্ষকদের আর্থিক সম্মান ও সামাজিক সম্মান আজকে পুনর্বিবেচনা করার সময় এসেছে। শিক্ষকদের পেশাকে অগ্রাধিকার তালিকার সর্বনিম্ন স্তরে রেখে একটি জাতি গঠন কখনোই সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি।