ইউরোপের দেশ ইতালিতে কাজের সুযোগ বাড়ছে বিদেশি কর্মীদের জন্য। আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। ইতালির সরকারের ঘোষিত 'দেক্রেতো ফ্লুসি' কর্মসূচির আওতায় এই নিয়োগ দেওয়া হবে।

ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিন বছরের জন্য নির্ধারিত কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী নেওয়া হবে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে। বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য রয়েছে অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ।

ইতালির এই কর্মী নিয়োগ কর্মসূচিতে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির সরকারের নির্ধারিত তালিকায় বাংলাদেশি নাগরিকেরা অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশের জন্য আলাদা কোটা বরাদ্দ করা হয়নি। বরং বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যে বাংলাদেশও রয়েছে।

ইতালিতে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে প্রথমে দেশটির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। এরপর নিয়োগকর্তা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য 'নুল্লা ওস্তা' বা কাজের অনুমতির আবেদন করবেন। অনুমোদন পাওয়ার পর কর্মীকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হয় না; ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দূতাবাস। ২০২৭ সালের জন্য নিয়োগকর্তারা ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদনের তথ্য আগাম পূরণ করতে পারবেন।