চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, নভেম্বরের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে ফল প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে ফল প্রস্তুতের কাজ চলছে।

citytouch 728-X-90

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা কিছুটা দেরিতে শেষ হয়েছে। তবে দ্রুত ফল প্রস্তুতের জন্য অতিরিক্ত পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে সম্ভাব্য সময়ের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই এবং শেষ হয় ৮ আগস্ট। চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় পরে সেগুলো অনুষ্ঠিত হয় এবং ৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হয়

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীর জন্য সারাদেশে ছিল ২ হাজার ৬৯৭টি কেন্দ্র।

এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন।