২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ (২০ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সংশ্লিষ্ট কলেজে সশরীরে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হয়েছে। ফলে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, সেটিও চূড়ান্তভাবে জানা গেছে।

ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে

একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে—

citytouch 728-X-90
  • এসএসসি পরীক্ষার মার্কশিট ও সনদের কপি
  • এসএসসি পরীক্ষার প্রবেশপত্র
  • ২ থেকে ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • অনলাইন আবেদন নিশ্চায়নের কপি
  • শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর

কোন কলেজে ভর্তি ফি কত

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে এবার একাদশ শ্রেণিতে ভর্তি ফি ১ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত কলেজে ঢাকা মহানগর এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা, অন্যান্য মহানগর বা বিভাগীয় শহরে সর্বোচ্চ ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মহানগরে বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। জেলা সদরে বাংলা ভার্সনে সর্বোচ্চ ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নেওয়া যাবে।

ভর্তিতে ৭ শতাংশ কোটা

ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বাকি ৭ শতাংশ আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

নিশ্চায়ন করেনি ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী ভর্তি নিশ্চায়ন করেছে। তবে ১ লাখ ২৭ হাজার ৩৭৪ জন নিশ্চায়ন না করায় প্রথম ধাপের মনোনয়ন বাতিল হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, যারা নিশ্চায়ন করেনি তাদের প্রাথমিক মনোনয়ন বাতিল হয়েছে। তাদের পুনরায় আবেদনের মাধ্যমে ভর্তির সুযোগ নিতে হবে।