বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জামাইকার উদ্দেশে তার একটি ফ্লাইট ছাড়ার কথা থাকলেও তাকে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন মাহদী নিজেই।
মাহদী বলেন, রাত ৯টা ৩৫ মিনিটে তার ফ্লাইট ছেড়ে গেছে, তবে তার বিদেশযাত্রা আটকে দেওয়া হয়। তার দাবি, তিনি সব মামলায় জামিনে রয়েছেন। এরপরও তাকে দেশের বাইরে যেতে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান মাহদী। তবে তাকে আটকে দেওয়ার কারণ বা এ বিষয়ে কোনো নির্দেশনা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিমানবন্দর থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।










