রাজধানীর হাতিরঝিলের একাংশের পানি গোলাপি রং ধারণ করেছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ঝিলের পানিতে এমন অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করছেন নগরবাসী। এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার আশপাশের পানিতে গোলাপি আভা দেখা গেছে। তবে কী কারণে পানির রং পরিবর্তন হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হাতিরঝিলের পানির রং পরিবর্তনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও কৌতূহল তৈরি হয়েছে। ঝিলে চলাচলকারী ওয়াটার ট্যাক্সির যাত্রীদের মধ্যেও এ নিয়ে আলোচনা হচ্ছে।
একজন যাত্রী জানান, গত সপ্তাহে ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার সময় এফডিসি অংশের পানিতে হঠাৎ গোলাপি রং দেখতে পান তিনি। তবে এর উৎস বা কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ওয়াটার ট্যাক্সির এক টিকিট চেকারের দাবি, সপ্তাহখানেক আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছিলেন। এরপর থেকেই পানির রং পরিবর্তন হয়েছে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
হাতিরঝিলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা রাজউকও পানির রং পরিবর্তনের কারণ শনাক্ত করতে পারেনি। বিষয়টি অনুসন্ধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের সহযোগিতা নেওয়া হয়েছে।
রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম জানান, হঠাৎ পানির রং কেন এবং কীভাবে পরিবর্তিত হয়েছে, তা এখনো জানা যায়নি। এ রহস্য উদ্ঘাটনে বুয়েটের সহায়তা নেওয়া হচ্ছে।
এরই মধ্যে বুয়েটের বিশেষজ্ঞ দল হাতিরঝিলের বিভিন্ন স্থান ও বিভিন্ন গভীরতা থেকে পানির নমুনা সংগ্রহ করেছে।
তিন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতির সন্দেহ
বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন জানান, গবেষক দল হাতিরঝিলের বিভিন্ন স্থান থেকে পানির নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষা চালিয়েছে। এতে পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে।
গবেষণায় পানিতে কয়েক ধরনের নতুন ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিকভাবে তিন ধরনের ব্যাকটেরিয়াকে পানির গোলাপি রং ধারণের সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
অধ্যাপক আয়শা শারমিন বলেন, হাতিরঝিলে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ফেলার কারণে পানিতে ফসফেট ও নাইট্রেটের পরিমাণ বেড়ে গেছে। বিজ্ঞানের ভাষায় পানির এ অবস্থাকে ‘ইউট্রোফিকেশন’ বলা হয়। এ ছাড়া পানির দুর্গন্ধ কমাতে চুন প্রয়োগের ফলে পানির অম্ল-ক্ষারের ভারসাম্যেও পরিবর্তন এসেছে।
তার মতে, এ ধরনের পরিবেশে পার্পল সালফার ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে। এসব ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করে পানির রং পরিবর্তন করতে পারে। এ ছাড়া সায়ানোব্যাকটেরিয়ার উপস্থিতিও থাকতে পারে। তবে ঠিক কোন ব্যাকটেরিয়ার কারণে পানির রং গোলাপি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বুয়েটের গবেষক দল চলতি মাসের শেষের দিকে এ গবেষণার বিস্তারিত ফলাফল রাজউকের কাছে জমা দেওয়ার চেষ্টা করছে। ওই প্রতিবেদন পাওয়া গেলে হাতিরঝিলের পানির রং পরিবর্তনের প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।









