লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন বিস্ফোরণে দুই বন্ধু আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকদের আশঙ্কা, তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন।

মঙ্গলবার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুই যুবক মোবাইল ফোনে গেম খেলছিলেন। একপর্যায়ে ফোনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে ফোনটি চার্জে লাগানো ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আহত দুজনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মনজু জানান, বিস্ফোরণে রুবেলের চোখের ভেতরের অংশ ও মুখমণ্ডলে গুরুতর ক্ষতি হয়েছে। তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

citytouch 728-X-90

রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহত অপর যুবক শাকিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, কী কারণে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।