গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হোটেল কর্তৃপক্ষের সদস্যসহ ৩৯ জনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে অবহিত করেন। এর আগে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা অভিযান চালানো হলেও গোপনে এসব কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশ তৎপর রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে।










