স্মার্টফোনকে পড়ে যাওয়া ও আঁচড় থেকে সুরক্ষিত রাখতে কভার ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। তবে ফোন চার্জ দেওয়ার সময় কভার খুলে রাখা উচিত কি না, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিবার চার্জ দেওয়ার আগে কভার খুলে ফেলার প্রয়োজন নেই। তবে ফোন অস্বাভাবিক গরম হলে কভার খুলে দেওয়া ভালো।
চার্জ দেওয়ার সময় ব্যাটারির ভেতরে রাসায়নিক প্রক্রিয়ার কারণে কিছুটা তাপ তৈরি হওয়া স্বাভাবিক। দ্রুত চার্জিং, চার্জের সময় গেম খেলা বা ভিডিও দেখা, অতিরিক্ত গরম পরিবেশ এবং ত্রুটিপূর্ণ চার্জার ব্যবহারে এই তাপ আরও বেড়ে যেতে পারে।
সাধারণত ফোনের কভার ব্যাটারির সরাসরি ক্ষতি করে না। তবে মোটা বা তাপ আটকে রাখে এমন কভার ফোনের তৈরি হওয়া তাপ বাইরে বের হতে বাধা দিতে পারে। ফলে চার্জের সময় ফোন বেশি গরম হলে কভার খুলে রাখলে তাপ দ্রুত বের হয়ে যেতে পারে।
অতিরিক্ত তাপ দীর্ঘ সময় ধরে ব্যাটারির ওপর চাপ তৈরি করতে পারে। এতে সময়ের সঙ্গে ব্যাটারির কার্যক্ষমতা ও চার্জ ধরে রাখার সক্ষমতা কমে যেতে পারে। তবে একবার ফোন সামান্য গরম হলেই ব্যাটারি নষ্ট হয়ে যাবে—এমনটা নয়। ফোন কতটা গরম হচ্ছে এবং কতক্ষণ সেই তাপ থাকছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
চার্জ দেওয়ার সময় ফোনকে বিছানা, বালিশ বা কম্বলের ওপর না রেখে শক্ত ও সমতল জায়গায় রাখা ভালো। একই সঙ্গে চার্জের সময় ভারী গেম বা অতিরিক্ত প্রসেসিংয়ের কাজ এড়িয়ে চলা এবং নির্ভরযোগ্য চার্জার ও কেবল ব্যবহার করা উচিত।
ফোন অস্বাভাবিক গরম হয়ে গেলে চার্জার খুলে কভার সরিয়ে ঠান্ডা হতে দিন। বারবার অতিরিক্ত গরম হলে ফোন ও চার্জার পরীক্ষা করানো প্রয়োজন। আর ব্যাটারি ফুলে গেলে বা পোড়া গন্ধ পাওয়া গেলে ফোন ব্যবহার ও চার্জ দেওয়া বন্ধ করে দ্রুত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।










