বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও রাসায়নিক পণ্যের হিসাব যাচাই করে বড় ধরনের অনিয়মের তথ্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে সংস্থাটি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রতিরোধ দল। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্য যাচাই করা হয়। এতে ব্যাপক অসংগতি পাওয়া যায়।
পরে এনবিআরের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।
প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অনিয়মের তথ্য পাওয়া গেছে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া বন্দরের জাহিন নীটওয়্যার্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা এবং রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বন্ড সুবিধার অপব্যবহারের অভিযোগ
রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়। তবে এসব কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে সুতা ও কাপড়ের বড় ধরনের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত থাকার তথ্য মিলেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করছে বলে জানিয়েছে সংস্থাটি।
চূড়ান্ত তদন্তে বদলাতে পারে ফাঁকির পরিমাণ
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও কাঁচামাল ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলছে।
কাস্টমস গোয়েন্দা জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ ও রাজস্ব ফাঁকি রোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।









