রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
বিভাগভিত্তিক গ্রেফতারের হিসাবে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬ জন, ওয়ারীতে ৫৬ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ২৯ জন এবং উত্তরা বিভাগে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডার, বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।








